ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্ধার হলো ফেরি আমানত শাহ

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়া ফেরি রো রো আমানত শাহ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে পদ্মা নদী থেকে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ তোলা হয়েছে। বিআইডব্লিউটিএ’র প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিআইডব্লিউটিএ ও বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ যৌথভাবে পাটুরিয়ার পদ্মা নদীতে একাংশ ডুবে থাকা ফেরি আমানত শাহকে তুলতে সক্ষম হয়েছে। এখন ফেরির ভেতরের অংশের বিভিন্ন স্থানে পানি অপসারণের কাজ চলছে।

গত ২৭ অক্টোবর পাটুরিয়া ৫ নম্বর পন্টুনের প্রথম পকেটে ১৪টি পণ্যবোঝাই যানবাহন নিয়ে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। এরপর ঐদিন বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ডুবন্ত যানবাহন উদ্ধারে অভিযানে নামে।

উদ্ধারের চতুর্থদিনে অভিযানে যুক্ত হয় জাহাজ রুস্তম। তবে সব যানবাহন উদ্ধারে সক্ষম হলেও ফেরি উদ্ধারের সক্ষমতা ছিল না জাহাজ হামজা-রুস্তমের। পরে ফেরি উদ্ধারের জন্য বেসরকারি একটি সংস্থার সঙ্গে চুক্তি করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।