বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধে আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীতে যৌথ অভিযান পরিচালনা করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ, ঢাকা মহানগর পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ঢাকার বিভিন্ন স্থানে বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে পরিপ্রেক্ষিতে বিআরটিএ ভবনে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেছি। বৈঠকে যৌথ অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিআরটিএ সূত্রে জানায়, অভিযানে ঢাকা মহানগরীতে ১১টি দল থাকবে। প্রতিটি দলে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এর মধ্যে বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ জন, বাকি ২ জন ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট।