ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ১০৩ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
শুক্রবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে অধিকাংশই রাজধানীর বাসিন্দা। ১০৩ জনের মধ্যে ৯৬ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৫ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৪৩ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১২২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট ২৫ হাজার ৩৪৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ হাজার ৫৮৩ জন। ডেঙ্গুতে এ সময়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।