ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকার কাজ করছে: পরিবেশমন্ত্রী

বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে আন্তরিকভাবে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
বুধবার ‘বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে আইন প্রয়োগ শক্তিশালী করার লক্ষ্যে পরামর্শ সভা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বন অধিদফতর এবং ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকারের প্রচেষ্টাকে প্রসারিত ও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হচ্ছে। সবার সহায়তায় বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনের লড়াইয়ে আমাদের জয়ী হতেই হবে।

এ সময় বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণকারীদের নির্মূল করার বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান মো. শাহাব উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন প্রমুখ।