ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দেওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মন্ত্রী এ তথ্য জানান।

এর আগে বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির দাবি জানান।

এরপর আইনমন্ত্রী বলেন, ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত করে জামিন দেওয়া হয়েছে। এ ধারায় কোনো বিষয়ে নিষ্পত্তির পর আবার সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ নেই। আমি আইন মোতাবেক বলছি।

আইনমন্ত্রী আরো বলেন, বিষয়টি আমি আগেও বলেছি, পুরোনো কথাই বলছি। আইন মোতাবেক অত্যন্ত পরিষ্কার, মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে। যদিও তিনি সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের আইনে এর বাইরে আর কিছু নেই। উনারা (বিএনপির এমপিরা) বলছেন কিন্তু তারা আইন দেখাতে পারবেন না। তাই আবেদন বিবেচনার প্রশ্নও নেই।