ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল অপারেটররা ওটিটি প্ল্যাটফর্মে সংবাদ প্রচার করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

লাইসেন্সের শর্ত ভেঙে মোবাইল অপারেটররা বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে সংবাদ বা অনুষ্ঠান প্রচার করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সচিবালয়ের সভাকক্ষে অ্যাটকোর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ড.হাছান মাহমুদ বলেন, আইপিটিভি বর্তমান সময়ের বাস্তবতা তবে, এরই মধ্যে ১৩টির অনুমোদন হলেও অতিরিক্ত সংখ্যক আইপি টিভি অনুমোদন দেওয়া হবে না।

মন্ত্রী বলেন, এত বেসরকারি টেলিভিশনের অনুমোদনের পরও আইপি টিভির যে অনুমোদন দেওয়া হচ্ছে, তা যেন টেলিভিশনের বিকল্প না হয়। এটি দেওয়ার আগে যেন নীতিমালা করা হয়।

অ্যাটকোর সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, মোবাইল টেলিফোন অপারেটরদের ওটিটি প্ল্যাটফর্মে সংবাদ বা অনুষ্ঠান সম্প্রচার অবৈধ। তথ্যমন্ত্রী এসব ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশা করি।