ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ খরচে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবেন আফ্রিকা ফেরতরা

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে আফ্রিকা ফেরতদের নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

আফ্রিকার সাতটি দেশ হলো- বতসোয়ানা, ইসোয়াতিনি, ঘানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও লেসোথো। সাতটি দেশ থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন নিজ খরচে কোয়ারেন্টাইন করতে হবে। যা কার্যকর হবে ৪ ডিসেম্বর (শনিবার) দুপুর ১২টা থেকে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আফ্রিকা ফেরতদের দেশের উদ্দেশ্যে রওনার আগেই হোটেল বুকিং করতে হবে। আগত যাত্রীদের হোটেলে থাকা অবস্থায় ৭ম ও ১৪তম দিনে করোনা শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করানো হবে। কোনোটির ফলাফল পজিটিভ আসলে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।

বাংলাদেশে প্রবেশ করা যেকোনো যাত্রীকে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তবে ১২ বছরের নিচের শিশুদের জন্য এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই।