ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সোনালি অধ্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমাদের মধ্যে যে ছোটখাটো সমস্যাগুলো আছে তা আলোচনার মধ্য দিয়ে সমাধান করা যাবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির ৫০ বছর পূর্তিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১’ -এ আলোচনা সভার আয়োজন করে।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের সঙ্গে আমাদের যে রক্তের সম্পর্ক তা আরো গভীরভাবে উদযাপন করতে চাই। আমি তো সে দিনের আশায় আছি, যেদিন ভারতসহ প্রতিবেশী দেশে আনাগোনা করতে কোনো ভিসা লাগবে না। তাদের সঙ্গে আমাদের কোনো ব্যারিয়ারও থাকবে না।
ভারতের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করা হবে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের উন্নয়নই প্রত্যাশা করেন না, তিনি এ অঞ্চলের উন্নয়ন চান। মানুষের উন্নয়ন চান।
সভায় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রমুখ।