অনলাইন ডেস্ক : বাবা-মায়ের সম্পর্ক ভালো না। শিশু থাকে তার বাবার কাছে। কন্যাসন্তানের নিরাপত্তার দায়িত্ব তার বাবার। কিন্তু প্রতিদিন সেই সন্তানকে ভোগের সামগ্রী বানিয়ে চলেছেন বাবা। সম্প্রতি এমন ঘটনার সঙ্গে মুখোমুখি হই আমরা। বিস্মিত। স্তম্ভিত। মানুষ কীভাবে পারে? তাই বলে বাবা?
হুম… এমনটাই তো ঘটল।
এমনটাই ঘটে এসেছে আমাদের সমাজে।
মুখ খুলতেন না কেউ। লুকিয়ে-চুরিয়ে কোনোরকম ঘটনার ধামাচাপা দিতেন পরিবারের সদস্যরা। এখন মানুষ সচেতন। মুখোশ পরা ভালো মানুষগুলোর মুখোশ খুলে দিচ্ছেন সমাজের সচেতন মানুষ। যে মায়েরা আগে ঘরের এমন অনাচার সহ্য করতেন। ঘর ছেড়ে আজ তারাই বের হয়ে এসেছেন। ঘরের মায়া ত্যাগ করে সন্তানের ভালোটাই দেখছেন তারা। বর্তমানে ভয়াবহ হারে বেড়ে চলেছে শিশুদের যৌন হয়রানির ঘটনা। বাবা-মায়ের অজান্তে প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো শিশুর জীবনে ঘটে চলেছে এ ঘটনা। চিকিৎসকরা জানিয়েছেন, সপ্তাহে গড়ে ৩ থেকে ৪ জন এ ধরনের শিশু তারা পেয়ে থাকেন। আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে, এসব শিশুর বেশিরভাগই তাদের নিকটাত্মীয়দের কাছ থেকে যৌন হয়রানির শিকার হয়।
মেয়েশিশুর বাবা-মায়েরা আতঙ্কে থাকেন সারাক্ষণ। কীভাবে তাদের কন্যাসন্তানটিকে আগলে রাখা যায়, নিরাপদে রাখা যায় কন্যাসন্তানটিকে। কিন্তু আমরা কি জানি শুধু মেয়েশিশুই নয়, ছেলেশিশুও শিকার হচ্ছে নির্যাতনের। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে শিশুরা হারিয়ে ফেলছে তাদের মধুর শৈশব। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সারাজীবনের জন্য। এ জন্য বাবা-মায়ের শিথিল পারিবারিক বন্ধন, সন্তানদের প্রতি উদাসীনতা, প্রযুক্তির অপব্যবহার, অল্প বয়সেই স্মার্টফোনের সহজলভ্যতা এবং বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করছেন তারা। প্রযুক্তিসহ অন্যান্য দিক থেকে আমরা যত এগোচ্ছি তত বেশি মাত্রায় সুবিধার পাশাপাশি সমস্যাও বাড়ছে। এখন হাতের মুঠোয় স্মার্টফোন। চাইলেই সেখানে আমরা যা ইচ্ছে তাই দেখতে পাচ্ছি। এ থেকে মন্দের চর্চা যারা
করছে, তারাই বেশি এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড ঘটাচ্ছে।
পারভীন সুলতানা। পেশায় একজন ব্যাংকার। এ সময়ে বাবা-মায়েরা সন্তানদের যখন শেখাচ্ছেন কোনটা ভালো আদর, কোনটা মন্দ আদর; অথচ ৩৫ বছরের বয়সী পারভীন নিয়মিত তার আপন মামা দ্বারা যৌন নির্যাতনের শিকার হতেন। মাকে যখন বলতেন যে মামাটা ভালো নয়। তার সঙ্গে খারাপ আচরণ করে। উল্টো মা-ই তাকে ভুল বুঝে বকাঝকা করেন। এসব বাজে কথা যেন সে আর কখনও উচ্চারণ না করে। সেই মামা বাসায় এলে নিজের ঘরে ঘাপটি মেরে থাকত ছোট্ট পারভীন। কখনও কাউকে বোঝাতে পারতেন না খুব কাছের মানুষের দ্বারা তিনি এমন একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যেতেন। এখন তো বাবা-মা-ই অনেক সচেতন। সন্তানকে একটা সময়ের পরে বুঝিয়ে দেওয়া উচিত, তার সঙ্গে কেউ এমন বাজে আচরণ করলে সে যেন বাবা-মাকে বলে। আর কর্মক্ষেত্র-সংসার সামলিয়ে বাবা-মা যেন সন্তানকে সঠিক সময়টুকু দিতে পারে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। শিশুর যৌন হয়রানির শুরুই হয় ঘরের ভেতর থেকে। সে কন্যাশিশু হোক কিংবা ছেলেশিশু। যে কোনো সময় নিপীড়নের মতো দুর্ঘটনা শিশুদের মনে নেতিবাচক যে প্রভাব পড়ে, তা সারাজীবন শিশুটির মনে কালো ছায়া ফেলে যায়। একজন সচেতন অভিভাবক হিসেবে আমাদের উচিত সন্তানকে সেই কালো ছায়ার রাহু থেকে মুক্তির সব পথ আলো ঝলমলে রাখা।