ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় সেরামের ২৫ লাখ টিকা

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের ২৫ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে।
গত মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এ চালান পৌঁছায়।

ভারত থেকে বাংলাদেশ যে টিকা কিনেছে, এর মধ্যস্ততা করছে দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা।

বৃহস্পতিবার বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২৫ লাখ টিকা বাংলাদেশে এসেছে। এ টিকা সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।

বাংলাদেশ সরকার গত বছরের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার তিন কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করেছে। টিকা পেতে ভারতের প্রতিষ্ঠানটিকে অগ্রিম অর্থও পরিশোধ করেছে বাংলাদেশ।

চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা। চুক্তির পর ভারত দুই কিস্তিতে ৭০ লাখ ডোজ টিকা দেয়। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ টিকা পাঠিয়েছিল। দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে গেলে টিকা রফতানি বন্ধ করে দেওয়া হয়। এরপর দেশটি গত ২ ডিসেম্বর আরো ৪৫ লাখ টিকা পাঠায়।