ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহতদের পরিবারকে দেড় লাখ করে টাকা দেওয়া হবে: নৌপ্রতিমন্ত্রী

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার পুড়ে যাওয়া লঞ্চ ও দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নিহতদের পরিবারকে লাশ দাফনের জন্য প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। পরবর্তীতে প্রত্যেক পরিবার দেড় লাখ টাকা করে পাবে। আহত-দগ্ধদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার। এরই মধ্যে একজন যুগ্ম সচিবকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঝালকাঠি টার্মিনালের কাছাকাছি সুগন্ধা নদীতে আগুন লাগে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এর ইঞ্জিনরুমে। রাত ৩টার দিকে আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি নদীর তীরে নোঙর করে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় ৩৯ জনের লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে কাজ করছেন পিরোজপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠির কোস্ট গার্ড সদস্যরা। তাৎক্ষণিক মৃতদের নাম-পরিচয় জানা যায়নি।