এখনকার চলচ্চিত্রে মৌলিক কাহিনীর অভাব, পরিচালকরাও দক্ষ নন, প্রস্তুতি ও গবেষণা ছাড়া চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। কাজের প্রতি তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। বলিউড ও তামিল ছবির নকল করতে গিয়ে খেই হারিয়ে ফেলছে অনেকে। এমন অভিযোগ সিনিয়র অভিনেত্রীদের। তাদের কেউ কেউ বলেছেন, বিকলাঙ্গ সন্তান জন্মদান করার মতোই বিকলাঙ্গ ও অসম্পূর্ণ অনেক চলচ্চিত্র নির্মিত হচ্ছে বর্তমান সময়ে। এসব কারণে দেশীয় চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন একসময়কার সাড়াজাগানো অভিনেত্রীরা। প্রায় তিন বছরের বেশি সময় ধরে নতুন কোনো ছবিতে দেখা যায়নি খ্যাতনামা অভিনেত্রী ববিতাকে। তিনি বলেন, ‘মাঝে আমি ঘোষণা দিয়েছিলাম যে, ভালো কাহিনী ও চরিত্র না পেলে আমি আর চলচ্চিত্রে অভিনয় করবো না।
কিন্তু এতদিনে আমাকে যথাযথভাবে উপস্থাপন করার জন্য কোনো গল্প বা চরিত্র আসেনি আমার কাছে। অথচ যখন আমি ঘোষণা দিয়েছিলাম যে, অভিনয় আর করবো না, তখন চারিদিকে হৈ চৈ পড়ে গিয়েছিলো। এরপর কিন্তু আর কোনো আওয়াজ নেই। সত্যি বলতে কী, মন থেকে চলচ্চিত্র নির্মাণ করার মতো নির্মাতা যেমন এখন আর খুব বেশি নেই, তেমনি একটি ভালো কাহিনী লেখার মতো কাহিনীকারও নেই। একই রকমের গল্প দর্শক কতোদিন আর দেখবে? সময় হয়েছে পরিবর্তনের। নিজেদের পরিবর্তন না করতে পারলে ঢাকাই চলচ্চিত্র আর হয়তো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’ একই অভিযোগ জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনমেরও। ১৯৯৮ সালে তিনি সর্বশেষ কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরপর আর কোনো গল্পে তিনি মুগ্ধ হতে পারেননি। ফলে নতুন কোনো চলচ্চিত্রে তাকে আর অভিনয় করতে দেখা যায়নি।শবনম বলেন, ‘আমি এই দেশেরই সন্তান। তাই জীবনের শেষপ্রান্তে এসে চেয়েছি বাকীটা জীবন ঢাকাই সিনেমাতে কাজ করেই কাটিয়ে দেবো। কিন্তু যে আশা নিয়ে আমি এসেছিলাম, সেই আশা আমার আশাই থেকে গেলো।
একটিমাত্র চলচ্চিত্রে কাজ করেছিলাম। এরপর আজ পর্যন্ত কোনো গল্প পাইনি যাতে কাজ করা যায়। অথচ আমি একসময় চান্দা, তালাশ, নাচের পুতুল, সহধর্মিণী, শর্ত, সন্ধি’সহ আরও বেশকিছু ভালো ভালো গল্পের চলচ্চিত্রে কাজ করেছি। এখন কাজ করতে পারছি না। খুব খারাপ লাগে একজন শিল্পী হিসেবে ঘরে বসে থাকতে। কারণ আমি তো শিল্পী, কাজ করাটাই আমার নিত্যদিনের অভ্যাস। কিন্তু সেই আমি চলচ্চিত্র থেকে অনেক দূরে। এভাবে একের পর এক শিল্পীরা সিনেমা থেকে দূরে চলে যাচ্ছেন। আমরা সার্বিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।’চিত্রনায়িকা রোজিনা বলেন, ‘আমার তো মনে হয়, চলচ্চিত্র থেকে প্রাণ উঠে গেছে। ভালো চলচ্চিত্র যে নির্মিত হচ্ছে না, এমনটি নয়। কিন্তু একটি বিষয় খুব স্পষ্ট যে, দিন দিন চলচ্চিত্র থেকে সিনিয়র শিল্পীদের অংশগ্রহণ উঠে যাচ্ছে। আজ চলচ্চিত্রের যে অবক্ষয়, তাতে আমি মনে করি অনেকাংশেই দায়ী সিনিয়র চলচ্চিত্র তারকাদের হাতে কাজ না থাকা। নতুনরা আসবে, কাজ করবে এটা ঠিক। কিন্তু তাই বলে পুরনোরা বসে থাকবেন এটা কিন্তু হতে পারেন না। পুরনো অনেক মেধাবী পরিচালক আছেন, যারা এখনো চলচ্চিত্র নির্মাণে এলে একটা বড় পরিবর্তন হয়ে যেতে পারে।’