ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরো দুটি জেব্রা অসুস্থ, জরুরি বৈঠকে মেডিকেল বোর্ড

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নয়টি জেব্রা মারা যাওয়ার পর আরো দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়েছে। এরই মধ্যে জেব্রা দুটিকে সুস্থ করতে সাফারি পার্কে মেডিকেল বোর্ডের এক জরুরি সভা বসেছে।
বঙ্গবন্ধু সাফারি পার্ক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন- জাতীয় চিড়িয়াখানার অবসরপ্রাপ্ত কিউরেটর ড. এবি এম শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল আলম, প্রফেসর আবু হাদি মো. নুর আলী খান ও সাফারি পার্কের ভেটারেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন।

বিশেষজ্ঞ হিসেবে সভায় যোগদান করেছেন কেন্দ্রীয় ভেটারেনারি হাসপাতালের পরিচালক ড. শফিউল আহাদ সরদার (স্বপন) এবং কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আজম চৌধুরী (টুলু)।

জানা গেছে, সাফারি পার্কে বসা জরুরি বৈঠকে মেডিকেল বোর্ডের সদস্যরা প্রয়োজন মতো পরামর্শ দেবেন। সেই পরামর্শ অনুযায়ী সকল পদক্ষেপ গ্রহণ করবে বনবিভাগ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সাফারি পার্কে চলতি মাসে নয়টি জেব্রা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই তদন্ত চলাকালে আরো দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়লো।