ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বছর মাথাপিছু আয় হবে ৩০৮৯ ডলার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশা প্রকাশ করে বলেছেন, আগামী অর্থবছরে দেশের মাথাপিছু আয় তিন হাজার ৮৯ মার্কিন ডলারে উন্নীত হবে।
রোববার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, গত বছর জিডিপিতে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। এ বছর জিডিপিতে আমাদের প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ। এই সময়ে আমাদের জিডিপির আকার হবে ৪৫৫ বিলিয়ন ডলার।

তিনি আরো বলেন, আমাদের জনগোষ্ঠীকে এই ৪৫৫ বিলিয়ন ডলার ভাগ করে দিলেই মাথাপিছু আয় দুই হাজার ৭৮৫ ডলারে উন্নীত হবে। এটা হচ্ছে আমাদের এই বছরের হিসাব। আশাকরি আগামী অর্থবছরে আমাদের জিডিপির আকার অর্ধ ট্রিলিয়নের মাইলফলক স্পর্শ করবে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আইএমএফ সব সময় বিশ্বের অর্থনীতি একদিকে বিশ্লেষণ করে তাদের পর্যবেক্ষণ বা প্রতিবেদন প্রকাশ করে। আমরা প্রত্যাশা করছি ৭.২ শতাংশ, আর আইএমএফ বলছে আমরা ৬.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবো।

তিনি বলেন, অতীতের মতো আমার বিশ্বাস, আমরা যা বলেছি সেটা অর্জন করতে সক্ষম হবো। আগামী বছর আমাদের মাথাপিছু আয় তিন হাজার ৮৯ মার্কিন ডলার হবে, সে বছর জিডিপির প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ, এটা আমার মোটামুটি হিসাব।