পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধাদের দেশ, স্বাধীনতাবিরোধীদের নয়। স্বাধীনতাবিরোধীরা যাতে এদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা যেন ব্যর্থ না হয় সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে।
বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ঢাকা জেলা পশ্চিমাঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীনতাবিরোধী, জঙ্গি বা যুদ্ধাপরাধীদের দেশ নয়। এদেশ বীর মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশটিকে গড়ে তুলতে চাই।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবুল হোসেন, প্রফেসর আব্দুল্লাহ হিল কাফী, ঢাকা জেলার পুলিশ সুপার সরদার মারুফ হাসান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর এ আলম আশিক প্রমুখ।
উপমন্ত্রী শামীম বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে যুদ্ধাপরাধী, রাজকার-আলবদরদের পুনর্বাসন করেছেন। এরই ধারাবাহিকতায় খালেদা জিয়া ক্ষমতায় এসে রাজাকারদের গাড়িতে পতাকা লাগানোর সুযোগ সৃষ্টি করেছেন। রাজাকার, আলবদর, আলশামস আর খুনিরা যেন আর কখনো ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এনামুল হক শামীম আরো বলেন, করোনা মহামারিসহ সকল দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে রয়েছে। ছাত্রলীগ কৃষকের ধান কেটে গোলায় তুলে দিয়েছে, মৃতের দাফন ও সৎকার করেছে, খাবার ও সুরক্ষা সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এসব মানবিক কর্মকাণ্ড ছাত্রলীগকে একটি মানবিক ছাত্র সংগঠনে পরিণত করেছে। ছাত্রলীগ দেশের প্রতিটি লড়াই, সংগ্রামে পূর্বের ন্যায় এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।