কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। ইনটেনসিভ কেয়ার ইউনিটে এখনো ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছে এই সংগীতসম্রাজ্ঞীকে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ভারতীয় গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতিক সামদানি বলেন, প্রবীণ এ শিল্পীর শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। তার অবস্থা গুরুতর। ফের ভেন্টিলেশনে দেয়া হয়েছে তাকে।
গত ৮ জানুয়ারি, ৯২ বছর বয়সি এ গায়িকা করোনা পজিটিভ হন এবং ওই হাসপাতালে ভর্তি হন।
লতা মঙ্গেশকর ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে পেশাদার কণ্ঠশিল্পী হিসেবে কাজ শুরু করেন। এক হাজারেরও বেশি হিন্দি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এই বরেণ্য কণ্ঠশিল্পী। এখন পর্যন্ত হিন্দিসহ প্রায় ৩৬টি ভাষায় গান গেয়েছেন তিনি।
১৯৭৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক গান গেয়ে লতা মঙ্গেশকরের নাম ওঠে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। এই সময়ে তিনি ২০টি ভাষায় ২৫ হাজারের বেশি গানে কণ্ঠ দেন।