ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৩১তম বার্ষিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা

মো. ইমরান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও রাজশাহী বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের সন্তানদের অংশ গ্রহণে ৩১তম বার্ষিক বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের ডা. আ.আ.ম মেজবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন ও অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) সত্যব্রত সাহা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনওয়ার হোসেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের উপ-পরিচালক আনোয়ার যাহিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা ক্রীড়া অফিসার আকতারুজ্জামান রেজা তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, রাজশাহী বিভাগের ৮টি জেলার জেলা প্রশাসকের প্রতিনিধিগণ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ক্রীড়ামোদীরা। প্রতিযোগিতায় মোট ৫৭টি ইভেন্টে রাজশাহী বিভাগের ৮টি জেলার দল ও ১টি রাজশাহী মহানগর দল মিলিয়ে মোট ৯টি দল অংশ গ্রহণ করছে।