ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর সোনারামপুরের মানুষের দীর্ঘ ৪০ বছরের অন্ধকার জীবনের অবসান হতে যাচ্ছে। মেঘনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন পাওয়ার ক্যাবলের মাধ্যমে চরে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রিলটেক ইন্টারন্যাশনাল। এতে চর সোনারামপুরবাসীর মাঝে বইছে আনন্দের বন্যা।
স্থানীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের দাবি, চুক্তির সময়সীমা ১২০ দিন হলেও নদীর উভয় পাড়ে ওভারহেড সংযোগের কাজ সম্পন্ন থাকায় আগামী এক মাসের মধ্যেই চর সোনারামপুরে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে।
জানা গেছে, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে চর সোনারামপুর গ্রামের দূরত্ব মাত্র ১ কিলোমিটার। এত কাছে থেকেও চর সোনারামপুরবাসীর বিদ্যুৎ না পাওয়ার আক্ষেপ ৪০ বছরেরও বেশি সময়ের। এ নিয়ে চরবাসীর মাঝে দীর্ঘদিন ধরে কষ্ট বিরাজ করছিল। বর্তমান সরকারের ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ কর্মসূচির আওতায় ও মুজিবশতবর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগের উদ্যোগ নেয় বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ সংযোগের জন্য চরের চারপাশে বিদ্যুতের খুঁটি ও তার টাঙানো শুরু করে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। আশায় বুক বাধে চরবাসী। কিন্ত সাবমেরিন ক্যাবল না আসায় প্রায় দুই বছর পেরিয়ে গেলেও বিদ্যুতের পায়নি চরবাসী। নানা জটিলতা কাটিয়ে চলতি বছরের ৩০ জানুয়ারি দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত হলে শুরু হয় চরে বিদ্যুৎ সংযোগের দৃশ্যমান কাজ।
স্থানীয় বিদ্যুৎ বিভাগের তথ্য মতে, ৩ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে সিঙ্গাপুরের জয়েন্ট ভেঞ্চার দেশীয় প্রতিষ্ঠান ড্রিলটেক ইন্টারন্যাশনাল। এইচডিডি টেকনোলজিতে মেঘনা নদীর তলদেশ দিয়ে ভূমি সমতল থেকে ৭০-৭৫ ফুট নিচ দিয়ে ১১ কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এরই মধ্যে সাবমেরিন ক্যাবলসহ প্রয়োজনীয় মালামাল আসতে শুরু করেছে। প্রাথমিকভাবে এ সংযোগের আওতায় চরে ৫-৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে এবং পরবর্তীতে চাহিদার ভিত্তিতে বাড়ানো হবে।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর চরে বিদ্যুৎ সংযোগের খবরে উৎফুল্ল চরবাসী। চর সোনারামপুরের বাসিন্দা শীতল বর্মণ বলেন, বছরের পর বছর কেটে গেছে বিদ্যুতের আশায়। বিদ্যুতের জন্য আমাদের কষ্টের শেষ নেই। ছেলে-মেয়েদের মোমবাতি-হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতে হয়। এখন যদি আমরা বিদ্যুৎ পাই তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না।
আশুগঞ্জ সদর ইউনিয়নের সাবেক মেম্বার ও চরের বাসিন্দা মো. ইব্রাহিম মোল্লা বলেন, চরে আমি ছোট পরিসরে একটি বাগান বাড়ি করেছি। প্রতিদিন এখানে স্থানীয় লোকজন ঘুরতে গেলে বসে। বিদ্যুৎ সংযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটি উন্নতমানের পিকনিক স্পট ও আবাসিক কটেজ নির্মাণ করব।
চরে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. জাফর আহমেদ বলেন, সাবমেরিন ক্যাবলসহ মালামাল আসতে শুরু করেছে। শিগগিরই চরবাসীর মনের আশা পূরণ হবে।
আশুগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহামুদ বলেন, দরপত্রের শর্ত মোতাবক ১২০ দিনের মধ্যে চরে বিদ্যুৎ সংযোগের যাবতীয় প্রক্রিয়া শেষে করার কথা। তবে পূর্বে অনেক কাজ সম্পন্ন থাকায় সব কিছু ঠিক থাকলে এক মাসের মধ্যেই চরে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব।