জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা হিসেবে বিশ্বে সমাদৃত। এই ভাষাকে আরো এগিয়ে নিতে আমাদেরকে এই ভাষার শুদ্ধ চর্চা করতে হবে।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, বাংলা ভাষা ব্যবহারের সময় আমাদেরকে সচেতন হতে হবে। শুদ্ধ উচ্চারণে কথা বলা ও শুদ্ধ বানানে লেখার ওপর গুরুত্ব দিতে হবে। শুদ্ধ চর্চার মধ্য দিয়েই এই ভাষাকে আরো এগিয়ে নেয়া সম্ভব।
প্রতিমন্ত্রী এ সময় শিক্ষার্থীদের মাতৃভাষায় আরো দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রাফিউল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।