কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশ-ভারতের সম্পর্কে নষ্ট করতে সবসময়ই অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে তারা সফল হবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক অস্তিত্বের ঐতিহ্যসূত্রে গাঁথা।
শনিবার সকালে রাজশাহী নগরীর নগরভবনের গ্রিনপ্লাজায় বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক যদি আরো সুদৃঢ় হয়, তাহলে সাম্প্রদায়িক অপশক্তি দুর্বল হবে, তাদের অস্তিত্ব বিলিন হবে। বাংলাদেশের উন্নয়নে ভারত আমাদের পাশে আছে। আমরাও তাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, ৫ বছর ধরে দুই দেশের মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। ভারত-বাংলাদেশের মানুষের মাঝে সম্পর্ক আরো যেন গভীর হয়, সেক্ষেত্রে এই ধরনের মিলনমেলা উল্লেখযোগ্য অবদান রাখছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়ে বলেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ সেই আওয়াজ এখনো আমাদের কানে বাজে। সেই আওয়াজে আমরা ভারতবাসী সাড়া দিয়েছিলাম। মুক্তিযুদ্ধে সহযোগিতা প্রদানের পাশাপাশি ভারতের ত্রিপুরাসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে বাংলাদেশের মানুষকে আশ্রয় প্রদান করে ভারত। দুই দেশের সম্পর্ক এখনো অটুট আছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মিলনমেলার আহ্বায়ক এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রাম প্রসাদ পাল বক্তব্য রাখেন। ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী, ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক সামছুল আরেফীন, ভারতের সত্যম রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।