ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইকারী কথিত মাহাদীর পরিচয় মিলেছে। তার নাম মাহমুদ পলাশ বলে জানা গেছে। ২৪ বছর বয়সী পলাশের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে।
ঘটনার দিন থেকেই গুঞ্জণ উঠেছিলো বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ কোন এক নায়িকার ব্যর্থ প্রেমিক। পাশাপাশি এও শোনা যাচ্ছিলো সেই নায়িকা নাকি ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী। তবে সেই প্রেমিকা যে নায়িকা সিমলা সেটা নিয়েই ছিলো সবার মনে জল্পনা।
যাকে নিয়ে এত আলোচনা সেই নায়িকা সিমলা এখন কোথায় সবার মনে এখন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জনমনে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন।
সিমলার ভাই আসাদুজ্জামান ভূট্টো বলেন, ‘বর্তমানে ভারতের মুম্বাইয়ে আছেন সিমলা। সেখানে বলিউডে ‘সফর’ নামে একটি ছবিতে শুটিং এ ব্যস্ত আছেন।’
ভূট্টো আরো বলেন, ‘পলাশের সাথে গত বছর বিয়ে হয়েছিলো সিমলার। কিন্তু পলাশের বেপরোয়া জীবন জাপন দেখে সাড়ে তিন মাস আগে পলাশকে ডিভোর্স দেন সিমলা।’
এদিকে সিমলার বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে খোঁজ নেয়া হলে সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমার সঙ্গে তার অনেকদিন হয় কোনো যোগাযোগ নেই। সবশেষ যতটুকু মনে পড়ে শিল্পী সমিতির নির্বাচনের দিন তার সঙ্গে আমার দেখা হয়েছিল। এরপর আর কোনো কথা হয়নি।’
অভিনেত্রী ও মডেল সিমলা চলচ্চিত্রে পা রাখেন ১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ম্যাডাম ফুলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। প্রথম ছবি দিয়েই শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনিই প্রথম অভিনেত্রী যিনি তার অভিষেক চলচ্চিত্রেই শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।