বিস্ফোরক মামলায় জেএমবি খুলনার প্রধান জিয়াউর রহমান ওরফে সাগর ওরফে সাব্বিরকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার খুলনা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী কাজী সাব্বির আহমেদ।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর রাত পৌনে ১২টার দিকে মিয়াপাড়া হতে র্যাবের হাতে গ্রেফতার হন জেএমবি খুলনা বিভাগীয় প্রধান সাব্বির। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর তার দেওয়া তথ্যমতে দৌলতপুর থানাধীন রৈবরাগীপাড়া যশোর ছাত্রাবাসের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই বছরের ৩০ ডিসেম্বর রাতে দৌলতপুর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন র্যাবের ডিএডি ইউনুছ আলী। পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০০৬ সালের ১৯ জানুয়ারি তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দৌলতপুর থানার এসআই জাহেদুল হক সরকার। দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয় আদালত।