ঢাকা, শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ উন্নয়ন চায়, বিএনপির জ্বালাও-পোড়াও চায় না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে যখনই কোনো উন্নয়ন প্রকল্প চালু হয় তখন বিরোধীদলীয় নেতারা নানা অপপ্রচার করেন। বিএনপির নেতাদের বলব, গ্রামে-গঞ্জে যান। মানুষ কি বলে শুনেন। মানুষ উন্নয়ন চায়, অগ্রগতি চায়, সুশাসন চায়। মানুষ বিএনপির জ্বালাও-পোড়াও চায় না।
সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা প্রায় প্রতিদিনই বক্তব্যে বলেন দেশের মানুষ ভালো নেই। তাদের এ ভালো নেই, ঐ ভালো নেই বলার মধ্যেই জাতিসংঘ রিপোর্ট দিলো বাংলাদেশের মানুষ সুখী ইনডেক্সে সাত ধাপ এগিয়েছে। এটি তাদের বক্তব্যের প্রতি জাতিসংঘের কঠিন চপেটাঘাত বলে আমি মনে করি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, আর একটা গ্রুপ আছে যারা (সিপিবি) নিজেদের জ্ঞানী প্রমাণ করার জন্য শুধু ভুল ধরে। এ করোনাকালে এবং কোনো সংকটেই আমরা তাদের জনগণের পাশে দাঁড়াতে দেখিনি। তবে হঠাৎ তারা কিছু রিপোর্ট প্রকাশ করে। সুখী ইনডেক্সে যে বাংলাদেশ সাত ধাপ এগোল তা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই।

দেশে ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সারাদেশে যে ভোগ্যপণ্যের দাম বেড়েছে সেগুলো হলো আমদানি নির্ভর। সমগ্র পৃথিবীতে এসব পণ্যের দাম বাড়ায় বাংলাদেশেও দাম বেড়েছে। আর এটাকে সামাল দেওয়ার জন্য নিম্ন আয়ের মানুষ যাতে তা কিনতে পারে এজন্য সরকার ১ কোটি মানুষকে কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে সেসব পণ্য কেনার ব্যবস্থা করেছে।

জিল্লুর রহমান পরিষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান খোকার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায় প্রমুখ।