ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো ঋণখেলাপিদের ঋণমুক্তির ব্যবস্থা করছে – অর্থমন্ত্রী

রমজান আলী : যারা ভালো ঋণ গ্রহীতা, ব্যাংকের টাকা নিয়মিত পরিশোধ করে, তাদের ক্ষেত্রে সুদ হার কমে ৭ শতাংশ হবে। এসব ঋণ গ্রহীতা হয়তো ১০ থেকে ১২ শতাংশ সুদে ঋণ নিয়েছিলেন। আর যারা অসাধু ঋণ গ্রহীতা, তাদের পেনাল্টি করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হবে চলতি বছরের মে থেকে। গতকাল বিকেলে সরকারের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, কিছু ঋণগ্রহীতা বা ঋণখেলাপি থাকেন, যারা ব্যাংক থেকে ঋণ নেন ফেরত দেয়ার জন্য নয়। আবার কিছু ঋণখেলাপি থাকেন, যারা ব্যবসা করতে গিয়ে লোকসান দিয়ে ঋণখেলাপি হন। যারা ঋণ নেন ফেরত দেয়ার জন্য নয়, তারা বাদে বাকিদের ঋণমুক্তির সুযোগ দিচ্ছে অর্থ মন্ত্রণালয়।

তিনি বলেন, যারা ভালো ঋণগ্রহীতা তাদের সুদের হার কমিয়ে দিচ্ছি। তাদের ডাউন পেমেন্ট হবে দুই শতাংশ। তাদের যা ঋণ আছে, সেই ঋণ থেকে তারা দুই শতাংশ পরিশোধ করবে। বাকি অ্যামাউন্ট (ঋণ) থাকবে, সেটার ওপরে আমরা ৭ শতাংশ সুদ নেবো।

তিনি বলেন, তাদের আমরা ১২ বছর সময় দিচ্ছি। যার যা ঋণ আছে, ছোট বা বড় সব ঋণগ্রহীতা, তারা ২ শতাংশ পরিশোধ করবে। আর যে ঋণটা থাকবে, সেটার ওপর সবসময় তারা ৭ শতাংশ চক্রবৃদ্ধি নয়, সরল সুদ দেবে।
তিনি বলেন, অসাধু ঋণগ্রহীতা কীভাবে নির্ধারণ হবেÑজানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, যারা খারাপ ঋণগ্রহীতা, তাদের রেকর্ডই তো আছে। টাকা নিলাম, ১০ বছরে এক টাকাও দিলাম না, তাহলে আমি ভালো? বা টাকা নিলাম দুই বছরেও এক টাকা দিলাম না, আমি কী ভালো? কিংবা ১০ বার আমি রপ্তানি করলাম, কিন্তু একবারও আমি ব্যাংকে টাকা ঢুকালাম না, তাহলে কী আমি ভালো? কারা ভালো আর কারা অসাধু ঋণগ্রহীতা, সেটা বের করার জন্য আমরা একটা স্পেশাল অডিটের ব্যবস্থা করেছি। এটার কাজ শুরু হবে। সেখান থেকেও আমরা জানতে পারবো, কারা ভালো আর কারা খারাপ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।