যশোর অফিস : যশোরের চৌগাছায় পরাজিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিপা ইসলামকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯ টায় পুলিশের কাজে বাধাদানের অভিযোগে উপজেলার কুষ্টিয়া-ফতেপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে চৌগাছা থানা পুলিশ।
রিপা ইসলাম উপজেলার ধুলিয়ানি ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানের স্ত্রী এবং ৩১ মার্চ অনুষ্ঠিত পঞ্চম চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন। তিনি ১৬ হাজার ৪৭১ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। এই পদে নাজনীন নাহার পপি সিলিং ফ্যান প্রতীক নিয়ে ২২ হাজার ৭৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
এ ব্যাপারে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের কাজে বাধাদানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তাকে আটক করা হয়েছে।