ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর হাসপাতালের কাঙ্খিত সেন্ট্রাল ক্যাশ কাউন্টার আজো চালু হয়নি

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগে টাকার রশিদ দেয়া হচ্ছে না। আর টাকা দেয়ার পরও পরীক্ষার সকল রিপোর্ট পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে প্যাথলজি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা যোগসাজসে বিভিন্ন পরীক্ষার জন্য টাকা নিয়ে হাসপাতাল ফান্ডে জমা না দিয়ে নিজেরা আত্মসাৎ করছেন। অভিযোগ উঠেছে, টাকার রশিদ না দিলে হিসাবের খাতায় কোন টাকা জমা দিতে হয় না। ফলে সহজে ওই টাকা আত্মসাৎ করা যায়। হাসপাতালের উর্ধতন কতিপয় কর্মকর্তারা এ কাজে সহযোগিতা করে থাকেন।

জানা গেছে, যে সকল রিপোর্টের সাথে টাকার রশিদ দেয়া হয়, সেই টাকার হিসাব খাতায় তোলা হয়। আর যাদের টাকার রশিদ দেয়া হয়, তার হিসাবও হাসপাতালের কোন হিসাবে না তুলে আত্মসাৎ করা হচ্ছে। রোগীরা অভিযোগে জানিয়েছেন, পরীক্ষা বাবদ নগদ টাকা হাসপাতালের বর্হি বিভাগের সংশ্লিষ্ট কর্মচারী ও অন্ত বিভাগের কর্মচারীর নিকট দিয়ে থাকে, কিন্তু ভুক্তভোগীদের কোন টাকার রশিদ দেয়া হয় না।

হাসপাতালের একাধিক চিকিৎসক, কর্মচারি ও রোগী এবং রোগীর স্বজনরা অভিযোগ করেন, এ অবস্থা ১০/১৫ বছর ধরে চলছে। কেউ কোন টু শব্দ করে না। জানতে চাইলে প্যাথলজী বিভাগের চিকিৎসক হাসান আব্দুল­া কোন মন্তব্য করতে রাজি হননি।

যশোর মেডিকেল কলেজের অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক সহযোগী অধ্যাপক এ এইচ এম আব্দুর রউফ বলেন, যশোর জেনারেল হাসপাতালের ভেতর প্যাথলজী বিভাগে সব থেকে বেশি দুর্নীতি হয়। যা আমাদের কাম্য নয়। আমি ব্যক্তিগতভাবে এর প্রতিকার চাই।

হাসপাতালের তত্বাধায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, আমি দুর্নীতি করি না। সকল দুর্নীতি বন্ধে আগামী ২০ এপ্রিল সেন্ট্রাল ক্যাশ কাউন্টার চালু করা হবে।