বরিশাল ব্যুরো : বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবীতে ধারাবাহিক আন্দোলনের চৌদ্দতম দিনে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ক্যাম্পাস এলাকার বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করে রাখে তারা। এসময় বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষার্থীরা সড়ক অবরোধ চলমান রেখেছে। এতে করে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজট তৈরী হয়।
শিক্ষার্থীরা জানান, এর আগেও এই উপাচার্যের সময়ে ২২ দফা, ১০ দফা আর ৫ দফার আন্দোলন করেছিলেন তারা। ওই দাবীর আন্দোলনে প্রশাসনের আশ^াসে প্রত্যাহার করা হলেও পরবর্তীকে উপাচার্য মেনে নেয়নি। তাই এই উপচার্যের পদত্যাগ করলে শিক্ষার্থীদের অন্যান্য দাবীগুলো পূরণ হবে। এই জন্য উপাচার্যের অবসরে বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত ভাবে না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যহত থাকবে।
গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের অবগত না করায় প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এতে প্রতিবাদকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এসএম ইমামুল হক। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপচার্যের পদত্যাগসহ ৫ দফা দাবীতে ২৬ মার্চ বিকেল থেকে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে উপচার্য়ের পদত্যাগ এক দফা দাবীতে পরিণত হয়।