কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক জালে ১৫৯টি কালো পোপা মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে মোজাম্মেল বহদ্দারের ট্রলারে মাছগুলো ধরা পড়ে। পরে এদিন দুপুরে মাছগুলো ঘাটে পৌঁছানোর পর দুই কোটি টাকা দাম হাঁকানো হয়।
মোজাম্মেল বহদ্দার ধলঘাটা ইউনিয়নের সরিতলা গ্রামের বাসিন্দা। তিনি একজন গরীব জেলে। ধারদেনার টাকা দিয়ে করা ফিশিং বোটটি দিয়ে মাছ শিকার করছেন তিনি।
মাছগুলোর প্রতিটি ওজন ৭ থেকে ১০ কেজির ওপরে। এই মাছের ফদনা (বায়ুথলি), পাখনা ও আঁশ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
মাছগুলো ঘাটে পৌঁছানোর পর স্থানীয় মাছ ব্যবসায়ীরা দেড় কোটি টাকা চেয়েছেন। কিন্তু মোজাম্মেল বহাদ্দার মাছগুলো চট্টগ্রাম শহরের মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে গেছেন। সেখানে রাত ১০টা পর্যন্ত মাছগুলো বিক্রি হয়নি।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেন, কালো পোপাকে সমুদ্রের সোনা বলা হয়। এই মাছের বায়ুথলি দিয়ে মূল্যবান সার্জিক্যাল সুতা তৈরি হয়। এ জন্য বড় পোয়া মাছ ধরা পড়লে ব্যবসায়ীরা দাম দিয়ে কিনে নেন।
এছাড়া মাছটির চামড়া দিয়ে জেলাটিন তৈরি হয়। মাছটি সর্বোচ্চ ১ দশমিক ৫ মিটার পর্যন্ত লম্বা ও ওজনে ৪৫ কেজি পর্যন্ত হতে পারে। পুরুষ মাছের বায়ুথলি স্ত্রী মাছের চেয়ে দামে বেশি। বাংলাদেশ থেকে এ মাছের বায়ুথলি সাধারণত হংকং, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি করা হয়। এ মাছের পাখনা ও আঁশও রপ্তানি হয়।
তিনি আরও বলেন, ব্ল্যাকস্পটেড ক্রোকার নামে পরিচিত এ মাছটি মূলত ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় পাওয়া যায়। আমাদের দেশে সেন্ট মার্টিনের আশেপাশে গভীর সামুদ্রিক এলাকায় মাছটির বিচরণ লক্ষ্য করা যায়।
এই ঘটনায় এলাকাবাসী উচ্ছ্বসিত। তারা বলছেন, এ ঘটনায় মোজাম্মেল বহাদ্দারের কপাল ফিরেছে। এতে এলাকার মৎস্যজীবীদের মধ্যেও আশার সঞ্চার হয়েছে।