পাবনার ঈশ্বরদীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ভয়াবহ আগুন লাগে। এতে বাস ও মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী-বাঘা আঞ্চলিক মহাসড়কের ভাদুর বটতলা তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে রাজশাহীর বাঘা থেকে সুপার সনি নামের একটি বাস ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভাদুর বটতলা তেলপাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে ঢুকে যায়। পরে মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরে যায়। পরে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই বাসের চালক-হেলপারসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে গেলে কেউ হতাহত হয়নি। এদিকে, ঘটনার পরই পালিয়ে যায় মোটরসাইকেলচালক।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ইউনিটের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল বলেন, বাসে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মোটরসাইকেলের ট্যাংকি ফেটে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাঘা থেকে বাসটি আসছিল, আর মোটরসাইকেলটি সামনে থেকে ছিটকে গিয়ে বাসের নিচে ঢুকে আগুন ধরে যায়। কেউ হতাহত হয়নি। মোটরসাইকেল চালককেও পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।