ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৪-৫

চকরিয়ায় পিকনিক বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৪-৫
ফাইল ফটো

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় লেগুনা ও পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪-৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হারবাং এলাকা থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকনিকের একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার তিনজন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, দুর্ঘটনায় নিহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে গুরুতর আহতরা কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুর্ঘটনার কারণ ও হতাহতের সংখ্যা নিয়ে প্রাথমিক তদন্ত চলছে বলে জানান তিনি।