ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় নিহত ১

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সন্ত্রাসী হামলায় দিল মোহাম্মদ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

নিহত দিল মোহাম্মদ উখিয়া ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের আবুল হাশিমের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম হোসেন জানান, ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল জামতলী ক্যাম্পের ই ব্লকের রাস্তার মাথায় দিল মোহাম্মদকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর আশপাশের রোহিঙ্গারা গুলিবিদ্ধ দিল মোহাম্মদকে পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পরপরই জামতলী ক্যাম্পে এপিবিএন পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

এই ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।