ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাড়ির জানালা ভেঙ্গে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে ধর্ষক হেলাল

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণের শিকারের পর ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এক প্রবাসীর স্ত্রী। এ বিষয়টি ফাঁস হয়ে গেলে ধর্ষক এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মহেশখালীর শাপলাপুরে। এ ঘটনায় গত (৫ নভেম্বর) প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে কক্সবাজার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মহেশখালীর শাপলাপুরের ছাদেকের কাটা (৭নং ওয়ার্ড) এলাকায় মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মাশুকের স্ত্রী ৬ বছরের এক সন্তান নিয়ে বাড়িতে একা থাকেন।
সেই সুবাদে একই এলাকার চেচ্ছি আহমদের ছেলে হেলাল(২৪) বিভিন্ন সময় ওই প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।
তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রায় ৩ মাস আগে বাড়ির জানালা ভেঙ্গে প্রাণ নাশের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ বিষয়টি ভুক্তভোগীর পরিবার মান-সম্মানের ভয়ে গোপন রাখার চেষ্টা করলেও খবরটি ফাঁস হয়ে যায়। পরে নিরুপায় হয়ে ওই প্রবাসীর স্ত্রী হেলালকে আসামি করে কক্সবাজার আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন।
এদিকে মামলা হওয়ার পর ধর্ষক হেলাল আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছেন।
প্রবাসীর স্ত্রীর বাবা খুরশেদ আলম বলেন, আমার মেয়ের স্বামী মালয়েশিয়ায় রয়েছেন। এ সুযোগে আমার মেয়েকে ধর্ষণ করেছে হেলাল। তাই আমার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। আমরা লম্পট হেলালের বিচার চাই।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর এক আত্মীয় জানান, হেলাল প্রায় সময় তাকে উত্ত্যক্ত করত। এ ঘটনার প্রতিবাদ করায় হেলাল ক্ষিপ্ত হয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত হেলালের সঙ্গে যোগযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, ঐ যুবকের বিরুদ্ধে কক্সবাজার আদালতে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।