প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় থাকছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, আ ক ম মোজাম্মেল হক, মো. আব্দুর রাজ্জাক, মো. তাজুল ইসলাম, ডা. দীপু মনি, ফরহাদ হোসেন, নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মহিবুল হাসান চৌধুরী, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং জুনাইদ আহমেদ পলক। এছাড়া, পুরনো মন্ত্রিসভার অনেকেই সরকারের নতুন মন্ত্রিসভায় থাকছেন।
এবারের মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, মো. জিয়া উদ্দিন, সাজ্জাদুল হাসান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ঢাকা-১৭ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।
বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের ফোন করা হয়েছে।
এর আগে, এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ফোন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন, তাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে জানানো হচ্ছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়ে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে জারি করা হয় প্রজ্ঞাপন।
এতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।
এতে আরও বলা হয়, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আ.লীগেরই নেতা। আর জাতীয় পার্টির আসন পেয়েছে ১১টি। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোট গ্রহণ স্থগিত রয়েছে।