বগুড়ায় মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিতে দলবল নিয়ে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পিটিয়ে আহত করেছেন মাঝিড়া ইউপি চেয়ারম্যান ও শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান। শনিবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শাহজাহানপুর থানায় এ হামলার ঘটনা ঘটে ৷ এ ঘটনায় নুরুজ্জামানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ ৷
শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিছুর রহমান নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাত ৯ টায় আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি বার্মিজ চাকু ও দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী মিঠুনকে গ্রেফতার করে। মিঠুন আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা চলমান।
তিনি আরও জানান, এ ঘটনায় পর রাত ১০ টার দিকে মাঝিড়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামানসহ প্রায় ৪০ জন সন্ত্রাসী আসামি মিঠুনকে ছিনতাই করতে শাজাহানপুর থানার প্রবেশ করে তাণ্ডব চালাতে থাকে। টহল ডিউটিরত অবস্থায় খবর পেয়ে অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম তাৎক্ষণিক থানায় প্রবেশ করলে সন্ত্রাসী নুরুজ্জামানসহ তার সন্ত্রাসী বাহিনী সিঁড়িতে বসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় ওসি শহিদুল ইসলাম সরে যেতে বললে থানার ভিতরে ওসিকে ধাক্কা দিয়ে নুরুজ্জামানসহ তার সন্ত্রাসী বাহিনী পুলিশের উপর অতর্কিত হামলা চালায়।
তিনি বলেন, হামলায় থানা পুলিশের ৫ থেকে ৬জন জন সদস্য আহত হয়। তখন নুরুজ্জামানসহ তার লোকজন সেখান থেকে পালিয়ে যায়। পরে নুরুজ্জামানসহ আরও লোকজন সংঘবদ্ধ হয়ে আবারও আক্রমণ করতে ঢাকা-বগুড়া মহাসড়ক মাঝিড়াস্থ মাটির কাছে অবস্থান নেয়। এসময় জেলা পুলিশ ও আইনশৃংখলা রক্ষাবাহিনীর সদস্যরা সন্ত্রাসী নুরুজ্জামানসহ তার সহযোগী ৪/৫ জনকে আটক করে।
উল্লেখ্য, সন্ত্রাসী নুরুজ্জামানের বিরুদ্ধে জমি দখল, সরকারি কাজে বাঁধা, মাদক আইনে অন্তত ৮-১০টি মামলা রয়েছে বলে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। এর আগে, সরকারি টেন্ডার বা দরপত্র চুরির ঘটনায় মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুজ্জামান বরখাস্ত হয়েছিলেন।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম আরও বলেন, সন্ত্রসী কায়দায় থানায় প্রবেশ করে পুলিশকে আহত করে আসামি ছিনতাইয়ের চেষ্টায় নুরুজ্জামানসহ ৫ জনকে আটক করা হয়েছে।