নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মাদারীপুরের কালকিনিতে তিনজন ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন মো. জাহাঙ্গীর হোসেন, মো. রাজিব ও রিয়াজ হাওলাদার। আজ শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে স্থানীয় প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে। এ খবর পেয়ে ওইসব এলাকায় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের দিক নির্দেশনায় দুই ঘন্টা ব্যাপী অভিযান চালিয়েছেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. জাকির হোসেন। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ওই আসামীদের আটক করে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এদিকে প্রসাশনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন প্রভাবশালী অবৈধ বালু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। অপরদিকে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত রাখার জন্য জোর দাবী জানিয়ছেন স্থানীয় সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় জনসাধারন বলেন, বেশ কয়েকজন প্রভাবশালী মিলে দীর্ঘদিন যাবত এই এলাকায় বালু উত্তোলন করে আসছে। তবে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত রাখার জন্য আমরা জোর দাবী জানাচ্ছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, ইউএনও স্যারের নির্দেশনায় বালু ব্যবসায়ীদেরকে কারাদন্ড প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনজন বালু ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করা হয়েছে। তবে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।