ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভাও পদত্যাগ বলে গণ্য হবে

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভাও পদত্যাগ বলে গণ্য হবে
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর পদত্যাগের পর মন্ত্রিসভার সদস্যরা আর মন্ত্রিসভায় সদস্য হিসেবে থাকতে পারবেন না। তাদের আপনা আপনি পদত্যাগ হয়ে যাবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৮ অনুচ্ছেদে এমন বিধান রয়েছে।

তুমুল ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (৫ আগস্ট) দুপুরে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। তার পদত্যাগের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন। এরপর তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার কথা জানিয়েছেন।

পরবর্তীতে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বঙ্গবভনে সাক্ষাত করেছেন। সবাই দেশবাসীকে শান্ত থাকার কথা বলে একটি গ্রহণযোগ্য অন্তবর্তীকালীন সরকার গঠনের কথা বলছেন।

আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও সরকার গঠনের একটি রুপ রেখা ২৪ ঘণ্টার মধ্যে উপস্থাপন করবে বলে জানিয়েছে।

সংবিধানের ৫৭ অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর বিষয়ে বলা হয়েছে- (১) প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে, যদি- (ক) তিনি কোন সময়ে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন; অথবা (খ) তিনি সংসদ-সদস্য না থাকেন।

(২) সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারাইলে প্রধানমন্ত্রী পদত্যাগ করিবেন কিংবা সংসদ ভাংগিয়া দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শদান করিবেন এবং তিনি অনুরূপ পরামর্শদান করিলে রাষ্ট্রপতি, অন্য কোন সংসদ-সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন নহেন এই মর্মে সন্তুষ্ট হইলে, সংসদ ভাংগিয়া দিবেন।

(৩) প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোন কিছুই অযোগ্য করিবে না।

মন্ত্রীদের মেয়াদের বিষয়ে সংবিধানের ৫৮ অনুচ্ছেদে বলা হয়েছে, (৪) প্রধানমন্ত্রী পদত্যাগ করিলে বা স্বীয় পদে বহাল না থাকিলে মন্ত্রীদের প্রত্যেকে পদত্যাগ করিয়াছেন বলিয়া গণ্য হইবে; তবে এই পরিচ্ছেদের বিধানাবলী-সাপেক্ষে তাহাদের উত্তরাধিকারীগণ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাহারা স্ব স্ব পদে বহাল থাকিবেন।

(৫) এই অনুচ্ছেদে “মন্ত্রী” বলিতে প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী  অন্তর্ভুক্ত।