ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত

বগুড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেহেনা বেওয়া (৪১) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দ্বিতীয় বাইপাস মোল্লাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

নিহত ওই নারী সদর উপজেলার খামারকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন ফকিরের স্ত্রী। তিনি শহরের বিসিক লোহার ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

 

নারুলী ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, শহরের বিসিক এলাকায় লোহার ফ্যাক্টরিতে কাজ করতেন রেহেনা। সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন তিনি। সদরের মোল্লাবাড়ি এলাকায় এসে মাটিডালি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় সাবগ্রামের দিক থেকে আসা বালুবাহী ট্রাকের চাকায় তিনি পিষ্ট হন। এতে রেহেনা ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, এ দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।