হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
শুক্রবার ১৩ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে ঘন কুয়াশার কারণে একটি কার্ভাড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে সকাল ৮টার দিকে মহাসড়কের বাহুবলের চলিতাতলা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি ল সংঘর্ষ হয়। এতে বাসের প্রায় ১০জন যাত্রী ও উভয় গাড়ির চালক আহত হয়েছেন। এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। প্রায় ১ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অপদিকে ভোরে হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস রাস্তার পাশে বট গাছে ধাক্কা লাগে। এতে বাসের অনন্ত ৬জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক সময়ের আলোকে জানান, ঘন কুয়াশার কারণে এসকল দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গাড়ি ও আহতদের উদ্ধার করেছে।