নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের। ঘটনাটি বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জামতলা এলাকায় ঘটে। নিহত আফজাল হোসেন হৃদয় (২৮) ওই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে মো. ইকবাল হোসেন ও আফজাল হোসেন হৃদয়ের মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে প্রায় সময় দু ভাইয়ের মাঝে বিবাদ সংগঠিত হতো। বুধবার সকালে পুনরায় দুই ভাই বিরোধে জরালে এক পর্যায়ে বড় ভাইয়ের হাতে থাকা ছুরি দিয়ে ছোট ভাইকে বুকে ও কপালে আঘাত করে। পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আফজাল হোসেন হৃদয়ের স্ত্রী রুপা আক্তারের অভিযোগ, তার স্বামী ও স্বামীর বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমি-জমা ভাগাভাগি করে দেওয়া হয়েছে। কিন্তু এ নিয়ে বড় ভাই অসন্তুষ্ট ছিলেন। শত্রুতা পোষণ করে স্বামীকে হত্যার উদ্দেশ্যে গত মঙ্গলবার থেকেই ধারালো অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিলো বড় ভাই মো. ইকবাল হোসেন। রাত থেকে ঘরে তার স্বামীকে আটকে রাখলেও সকালে ঘর থেকে বের হতেই ছুরি মেরে ও কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, তাদের নিজ বাড়িতেই দুই ভাইয়ের ঝগড়া হয়। সেখানে বড় ভাই একাই ছোট ভাইকে ছুরিকাঘাত করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। তাদের দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিলো বলেও জানান তিনি। আসামী আটকের চেষ্টা চলছে।