ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে বাস গেল খাদে, আহত ২০

নিয়ন্ত্রণ হারিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে খাদে যাত্রীবাহী বাস উল্টে পড়ে ২০ জন আহত হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী বাজারের পশ্চিম পাশে সাতাইশজান ব্রিজের সন্নিকটে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঠাকুরগাও থেকে রংপুরগামী শামীম এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস ওইস্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের ধারে খাদে উল্টে পড়ে যায়। এতে কমপক্ষে ২০জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ ভুল্লি এলাকার আইনুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩৫) ও একই এলাকার মোস্তফা কামালের স্ত্রী আলেয়া খাতুনের (৩৬) পরিচয় পাওয়া যায়। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। এসময় স্থানীয়রা, দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড রেসকিউ সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সৈয়দপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন।

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঠাকুরগাও থেকে রংপুরগামী শামীম এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।