ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কের উপর ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

সড়কের ওপর ফুটবল খেলতে গিয়ে বাসগাড়ির ধাক্কায় আবির আহমদ (১৪) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবির আহমদ গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজর নবম শ্রেণির ছাত্র এবং বারঠাকুরী ইউপির দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের একমাত্র ছেলে।

সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, প্রাথমিকভাবে তিনি খবর পেয়েছেন কয়েকটি ছেলে জকিগঞ্জ-সিলেট সড়কের ওপর ফুটবল খেলছিল। এরমধ্যে হঠাৎ করে সিলেটগামী গেইটলক বাসগাড়ির সঙ্গে স্কুল ছাত্র আবিরের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে এবং গাড়ি জব্দ করে চালক গ্রেফতারে অভিযান করা হচ্ছে।