কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে এবার দুইটি সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৮ জন অপহরণের শিকার হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে অপহৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শামলাপুর সিএনজি অটোরিকশার লাইনম্যান মো. আবদুর রহিম।
তিনি বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে হোয়াইক্যং থেকে আসা শামলাপুরগামী দুটি সিএনজি অটোরিকশা হোয়াইক্যং-শামলাপুর সড়কে পৌঁছালে ঢালা থেকে ডাকাতদলের সদস্যরা দুটি সিএনজির চালকসহ ৮ জনকে অপহরণ করেছে বলে জানা গেছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা বলেন, হোয়াইক্যং-শামলাপুর সড়কে দুটি সিএনজি অটোরিকশা থেকে চালকসহ যাত্রী অপহরণের ঘটনা শুনে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছি। অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। কতজন অপহরণ হলেন সেটার সঠিক তথ্য এখনো জানা যায়নি। সিএনজি দুটি উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফের জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের কাজ করতে গিয়ে রোহিঙ্গা ও স্থানীয় শ্রমিকসহ ১৯ জন অপহরণের শিকার হয়েছেন। এখনো তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত সবার কাছ থেকে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানা গেছে।