ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে একটি সেচ পাম্পের পাশ থেকে অজ্ঞাত (৪০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ইউনিয়নের গয়েশপুর (উত্তরপাড়া) এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ইব্রাহিম ব্যাপারীর বরেন্দ্র সেচ পাম্পের পাশের জমিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সেচ পাম্প এলাকায় তিনটি ট্রান্সফরমার ছিল। এর মধ্যে একটি উধাও হয়েছে এবং আরেকটি মাটিতে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ চোরচক্র ট্রান্সফরমার চুরি করতে এসেছিল। এসময় একটি পিলারে থাকা ট্রন্সমিটার চুরি করলেও বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হওয়ায় অপর ট্রান্সফরমার রেখে পালিয়ে যায় চোরের দল।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মৃত অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।