ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫২ খাদ্যপণ্যের প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা; প্রাণের গুঁড়া হলুদ, কারি পাউডার, লাচ্ছা সেমাই ভেজাল তালিকায়

নিষিদ্ধ পণ্য এখনও বাজারে ক্ষতির দায় কে নেবে

বিএসটিআইয়ের পরীক্ষায় নিম্নমান প্রমাণিত প্রাণের গুঁড়া হলুদ, কারি পাউডার, লাচ্ছা সেমাইসহ বিভিন্ন কোম্পানির ৫২টি খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার রাজধানীর নগর ভবনের বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মো. কামরুল হাসান। সুরাহা না হওয়া পর্যন্ত নগর ভবনের বিশুদ্ধ খাদ্য আদালতে এ নিুমানের ৫২টি পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা চলবে।

জানা গেছে, বাজার থেকে ৫২ পণ্য তুলে নেয়ার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আদালতের নির্দেশে গণবিজ্ঞপ্তি জারি করে। এর পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আলাদা ভাবে চিঠি দেয়া হয়। এরপরও তারা বাজার থেকে ক্ষতিকর এসব পণ্য প্রত্যাহার করেনি।

এ অবস্থায় সোমবার পরিদর্শকদের আদালতে মামলা করার লিখিত ক্ষমতা দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। সেই ক্ষমতাবলেই বুধবার বিশুদ্ধ নিরাপদ খাদ্য আদালতে মামলা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক মো. কামরুল হাসান।

বুধবার ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইটের আদালতে মামলা দায়েরকারী ঢাকা দক্ষিণ সিটি কর্র্পোরেশনের কর্মকর্তা কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। বুধবার তিনি যুগান্তরকে বলেন, নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর ২৬ ধারায় বিএসটিআইয়ের পরীক্ষায় নিুমান প্রমাণিত পণ্যগুলোর প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও মালিকের বিরুদ্ধে আলাদা করে মামলা করেছেন।

তিনি বলেন, প্রাণ গ্রুপসহ ভেজাল পণ্য উৎপাদনকারী ৫২ কোম্পানির বিরুদ্ধেই আলাদা করে মামলা করা হয়েছে। মামলাগুলো আদালত আমলে নিয়েছেন।

দেশের বিভিন্ন স্থান থেকে ভোক্তারা যুগান্তরকে জানান, আদালতের নির্দেশের পরও মানবদেহের জন্য ক্ষতিকর প্রাণের গুঁড়া হলুদ, কারি পাউডার এবং লাচ্ছা সেমাইসহ বিভিন্ন কোম্পানির ৫২টি পণ্য বাজারে বিক্রি হচ্ছে কিভাবে। এসব খাদ্যপণ্য গ্রহণের ফলে ভোক্তার যে ক্ষতি হবে তার দায়-দায়িত্ব কে নেবে।

তারা বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো উচিত ছিল আদালতের নির্দেশের পরই বাজার থেকে নিুমানের পণ্যগুলো প্রত্যাহার করে নেয়া। কিন্তু তারা কাজটি করেননি। তারা প্রকাশ্যে খোলা বাজারে এসব পণ্য বিক্রি করেছেন। যা আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ।

জানা গেছে, নিরাপদ খাদ্য আইনের ২৬ ধারায় বলা হয়েছে- ‘কোনো ব্যক্তি বা তাহার পক্ষে নিয়োজিত অন্য কোনো ব্যক্তি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, মানুষের আহার্য হিসেবে ব্যবহারের জন্য প্রবিধান দ্বারা নির্ধারিত মান অপেক্ষা নিুমানের কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণ বিক্রয়ের উদ্দেশ্যে উৎপাদন অথবা আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বা বিক্রয় করিতে পারিবেন না।’ এ ধারা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমপক্ষে ১ বছর বা সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা কমপক্ষে ৩ লাখ টাকা বা সর্বোচ্চ ৬ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

বিএসটিআইয়ের পরীক্ষায় নিুমান প্রমাণিত হওয়ায় প্রাণের গুঁড়া হলুদ, কারি পাউডার, লাচ্ছা সেমাইসহ বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডের ৫২টি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে এসব খাদ্যপণ্য বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে সংস্থা দুটিকে এসব নির্দেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১২ মে রুলসহ এ আদেশ দেন।

এর আগে ৫২টি পণ্য বাজার থেকে প্রত্যাহার বা জব্দ চেয়ে কনসাস কনজ্যুমার সোসাইটির (সিসিএস) পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খান জনস্বার্থে ৯ মে এ রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের দুই কর্মকর্তার বক্তব্য জানতে আদালতে হাজির হতে বললে ১২ মে তারা আদালতে হাজির হন।

আদালতের ওই নির্দেশনার পরই ক্ষতিকারক ৫২টি খাদ্যপণ্য বাজার থেকে তুলে নিতে ৩ দিনের আলটিমেটাম দিয়ে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

গণবিজ্ঞপ্তির পাশাপাশি তারা এসব পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে আলাদাভাবে চিঠির মাধ্যমেও এ আলটিমেটাম দেয়া হয়েছে বলে ১৫ মে যুগান্তরকে নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুল হক।

বুধবার তিনি যুগান্তরকে বলেন, ‘মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা জাতীয় পত্রপত্রিকা ও গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি দিয়ে ক্ষতিকারক ৫২টি খাদ্যপণ্য ৩ দিনের মধ্যে বাজার থেকে তুলে নিতে আলটিমেটাম দেই। এরপর সংশ্লিষ্ট প্রস্তুকারক প্রতিষ্ঠানগুলোকে একই বিষয়ে আলাদাভাবে চিঠি দেয়া হয়েছে।

খাদ্যপণ্যগুলোর মান পরীক্ষার রিপোর্ট সংক্রান্ত বিএসটিআইর প্রতিবেদনে বলা হয়েছে সম্পূর্ণ ছাই আর রং মিশিয়ে তৈরি হচ্ছে প্রাণের গুঁড়া হলুদ ও কারি পাউডার। এরপর চটকদার বিজ্ঞাপন দিয়ে বাজারজাত করা হচ্ছে। প্রতিষ্ঠানটির লাচ্ছা সেমাইয়ে রয়েছে উচ্চমাত্রায় চর্বি।

এছাড়া সিসা, আর্সেনিকের মতো মারাত্মক ক্ষতিকারক উপাদান। এগুলো ব্যবহারে মানুষের ক্যান্সার হতে পারে। এ ব্যাপারে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গত বছরে দেশে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এর অন্যতম কারণ হল খাদ্যে বিষ। এছাড়া মিঠাইয়ের লাচ্ছা সেমাইতে পুরাটাই ক্ষতিকারক চর্বি। সিটি গ্রুপে তীর ব্র্যান্ডের সরিষার তেলে রয়েছে ক্ষতিকারক আয়রণ।

এছাড়া গ্রিন ব্লিচিংয়ের জিনি সরিষার তেলে আয়রণ ও উচ্চমাত্রায় এসিড পাওয়া গেছে। একই অবস্থা শমনমের পুষ্টি সরিষার তেল এবং বাংলাদেশ এডিবল অয়েলের রূপচাঁদা সরিষার তেলে। কাশেম ফুডের সান চিপসে পাওয়া গেছে শুষ্ক চর্বি।

বিএসটিআইর প্রতিবেদনে বলা আরও হয়েছে, খাদ্যের গুণগত মান নেই আররা ফুডের আরা ড্রিংকিং ওয়াটার, আল সাফির ড্রিংকিং ওয়াটার, মিজানের ড্রিংকিং ওয়াটার, মর্ন ডিউয়ের ড্রিংকিং ওয়াটার, ডানকানের ন্যাচারাল মিনারেল ওয়াটার, আরার ডিউ ড্রিংকিং ওয়াটার, দীঘির ড্রিংকিং ওয়াটারে।

এছাড়া ডুডলি নুডলসে অতিরিক্ত চর্বি শান্ত ফুডের সফট ড্রিংকস, জাহাঙ্গীর ফুড সফট ড্রিংকে এসিডের পরিমাণ বেশি। ড্যানিশের হলুদের গুঁড়ায় ছাই পাওয়া গেছে। তানভির ফুডের ফ্রেশ হলুদের গুঁড়ায় মাত্রাতিরিক্ত সিসা পাওয়া গেছে, এসিআইয়ের ধনিয়ার গুঁড়ায় পুরোটাই ছাই, ড্যানিশ কারি পাউডারে সিসা ও আর্সেনিক, বনলতার ঘিতে তরল পদার্থ ও ক্ষতিকারক অ্যাসিড এবং পিওর হাটহাজারি মরিচ গুঁড়ায় ছাই পাওয়া গেছে।

এছাড়াও মিষ্টিমেলা, ওয়েল ফুড ও মুধবনের লাচ্ছা সেমাইতে অতিরিক্ত চর্বি, এসিআইয়ের আয়োডিনযুক্ত লবণ, কিংয়ের ময়দা, রূপসার দই, মক্কার চানাচুরে মাত্রাতিরিক্ত চর্বি পাওয়া গেছে। মেহেদির বিস্কুট, বাঘাবাড়ীর স্পেশাল ঘিতে কোনো উপাদানই ঠিকমতো নেই। নিশিতা ফুডসের সুজিতে ক্ষতিকারক কণা পাওয়া গেছে।

মঞ্জিলের হলুদ গুঁড়া, সান ফুডের হলুদ গুঁড়া, ডলফিনের মরিচের গুঁড়া, ডলফিনের হলুদের গুঁড়া, সূর্যের মরিচ গুঁড়ায় ছাই পাওয়া গেছে। কিরণের লাচ্ছা সেমাই, জেদ্দার লাচ্ছা সেমাই এবং অমৃতের লাচ্ছা সেমাইতে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত চর্বি।

দাদা সুপার, তিন তীর, মদিনা স্টারশিপ, তাজ, নুর ও মধুমতির আয়োডিনযুক্ত লবণ, মোল্লা সল্টের আয়োডিন লবণে ক্ষতিকারক সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেছে।