ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, চার লাখ টাকা ছিনতাই

বগুড়ার নন্দীগ্রামে শাজাহান আলী (৪৬) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যার চেষ্টা হয়েছে। এ সময় তার কাছে থাকা চার লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নন্দীগ্রাম থানার শরানগাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাজাহান আলী নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মুরালদিঘী গ্রামের মৃত আকবর আলী মন্ডলের ছেলে। তিনি বৃহস্পতিবার রাতে কুমিড়া পন্ডিতপুকুর বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২০ হাজার টাকা, একটি রাম দা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শাজাহান আলী কুমিড়া পন্ডিতপুকুর বাজারে বিকাশের এজেন্টের ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শরানগাড়ি নামক স্থানে তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এরপর গলা কেটে হত্যা চেষ্টা করলে তার চিৎকারে লোকজন এগিয়ে আসে। এ সময় দুর্বৃত্তরা চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে শাজাহান আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন, একটি রাম দা এবং ২০ হাজার টাকা উদ্ধার করে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। রাতেই তাদের বাড়িতে অভিযান চালানো হলে তাদের পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ব্যবসায়ী শাজাহান আলীর গলায় আঘাত থাকার কারণে তিনি কথা বলতে পারছেন না। সুস্থ হলে কত টাকা খোয়া গেছে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।