ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ বছর পর ‘শাহজাদী মেহেদী’র জনপ্রিয় বিজ্ঞাপন রিমেক: নতুন জুটিতে নিরব ও পায়েল

২০০৩ সালের ঐতিহাসিক শাহজাদী মেহেদী বিজ্ঞাপনে জনপ্রিয় গান ‘‘ঢেকে রাখো চাঁদ মুখ রূপসী’’ একসময় সবার মুখে ছিল। সেই বিজ্ঞাপনে নব্বই দশকের বিখ্যাত জুটি আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ দর্শকদের হৃদয় জয় করেছিলেন। এবার, ২২ বছর পর, সেই বিজ্ঞাপনটি নতুন রূপে ফিরছে।

নাট্য নির্মাতা প্রবীর রায় চৌধুরী পরিচালিত নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী কেয়া পায়েল। শুক্রবার এফডিসিতে দিনব্যাপী শুটিং শেষে বিজ্ঞাপনটির কাজ সম্পন্ন হয়।

পুরনো গানটি নতুনভাবে সাজিয়েছেন সংগীত পরিচালক জাহিদ নীরব। নিরব বলেন, ‘‘নোবেল ভাই এবং মৌ আপু দুজনেই আমার অনেক প্রিয় মানুষ। তাদের একসঙ্গে করা অনেক বিজ্ঞাপন এখনও জনপ্রিয়, এবং তাদের ঐতিহাসিক বিজ্ঞাপনটির রিমেকে অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত।’’

পরিচালক প্রবীর রায় চৌধুরী বলেন, ‘‘ওই সময়ের বিজ্ঞাপনটি অত্যন্ত জনপ্রিয় ছিল এবং গানটি এখনও মানুষের মুখে ফেরে। সেই কারণেই এটি রিমেক করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, দর্শকরা নতুন সংস্করণটিও পছন্দ করবেন।’’

এই রিমেকটি আসন্ন ঈদুল ফিতরের আগে, রমজান মাসে টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হবে। ২০০৩ সালের মূল বিজ্ঞাপনটি পরিচালনা করেছিলেন আহমেদ ইউসুফ সাবের এবং জিঙ্গেল গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও অনিমা ডি কস্টা।