বগুড়ার কাহালু উপজেলার করমজাপাড়া গ্রামে ড্রেজার পানির পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫৫ বছর বয়সী মৎস্য চাষি দিলবর রহমানের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দিলবর রহমান জামগ্রাম ইউনিয়নের করমজাপাড়া গ্রামের মৃত আমজাদ হেসেনের ছেলে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে দিলবর রহমান তার পুকুরে পানি সেচ দিতে ড্রেজার পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।