ফেনীতে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। সোমবার বিকালে জেলা জামায়াতের আয়োজনে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা চিরকাল থাকবে।” তিনি আরও বলেন, “বর্তমান সরকারকে এখন শহীদদের পরিবারের চিকিৎসায় সহায়তা দিতে হবে, তাদের পাশে দাঁড়ানো জরুরি।”
এছাড়া, তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, “শহীদরা কি অনিয়ম বা চাঁদাবাজির জন্য রক্ত দিয়েছে? যদি বর্তমানে এমন কিছু ঘটে থাকে, তবে তা শহীদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা।” তিনি আহ্বান জানান, “গণহত্যার বিচার কার্যকর করতে হবে, আর জামায়াতের ধৈর্যের পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, দেশের পরিস্থিতি নাজুক হয়ে পড়বে।”
ফেনী সফরে ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা একে অপরের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং ভবিষ্যতেও আহত ও নিহতদের পরিবারের পাশে থাকব।” তিনি জামায়াত নেতা আজহার ইস্পাহানীর মুক্তির বিষয়েও মন্তব্য করেন এবং দাবি করেন, “আমাদের নেতাকর্মীদের ওপর এই সরকারের নির্যাতন চলছে, আজহারকে কারাগারে ধুঁকে ধুঁকে মরতে দেওয়া হয়েছিল।”
অনুষ্ঠানে ফেনী ছাত্র আন্দোলনে নিহত ১২ জনের পরিবারের সদস্যদের হাতে নগদ সহায়তা তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় আমির।
এর আগে, ডা. শফিকুর রহমান ফেনী সফরের অংশ হিসেবে পরশুরামের বল্লামূখা বাঁধ পরিদর্শন করেন এবং শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেন।