ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এটিএম লেনদেনে নতুন চার্জ কাঠামো, কার্যকর ২০ ফেব্রুয়ারি থেকে

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এক ব্যাংকের কার্ড ব্যবহার করে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনে নতুন চার্জ কাঠামো কার্যকর হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, প্রথম পাঁচটি লেনদেনের জন্য আগের মতোই ১৫ টাকা চার্জ প্রযোজ্য থাকবে। তবে পঞ্চম লেনদেনের পর থেকে প্রতিবার সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত চার্জ কাটা হবে।

এছাড়া, অন্য ব্যাংকের এটিএম থেকে স্থিতি যাচাই বা হিসাব সংক্ষেপ দেখতে গ্রাহককে অতিরিক্ত ৫ টাকা (ভ্যাটসহ) পরিশোধ করতে হবে। তহবিল স্থানান্তরের ক্ষেত্রেও লেনদেন প্রতি ১০ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে, যা কার্ড ইস্যু করা ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রদান করবে।

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার আওতায় এক মাসে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে। এর আগে, বিভিন্ন ব্যাংকের নির্ধারিত সীমা অনুযায়ী অন্য ব্যাংকের বুথ থেকে অর্থ উত্তোলন করা যেত।

পিওএস টার্মিনালের মাধ্যমে নগদ অর্থ উত্তোলনে ইস্যুয়িং ব্যাংক বা প্রতিষ্ঠানকে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২০ টাকা (ভ্যাটসহ) চার্জ পরিশোধ করতে হবে। একইভাবে, ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তরের ক্ষেত্রেও ১০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

সরকারি পরিষেবা বা অনলাইনে আয়কর পরিশোধের ক্ষেত্রে ২৫ হাজার টাকার নিচে লেনদেনের জন্য ২০ টাকা এবং ২৫ হাজার টাকার ওপরে ৫০ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ওয়ালেট ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ টাকা বা ১ শতাংশ চার্জ প্রযোজ্য হবে।

এমসিসি-৯৩৯৯ ক্যাটাগরির লেনদেনের ক্ষেত্রে ২৫ হাজার টাকার নিচে সর্বোচ্চ ২০ টাকা চার্জ আরোপ করা হবে, যার মধ্যে ৫ টাকা কার্ড ইস্যু করা ব্যাংক পাবে। ২৫ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের প্রচলিত চার্জ প্রযোজ্য হবে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ব্যাংকগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।