দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে। রোববার দুপুর ১২টায় ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরের মাঠে এই মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ কোটি ৬২ লক্ষ ৪৭ হাজার ২৮০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ২০ জানুয়ারি পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৬,৭৯৩ বোতল ফেন্সিডিল, ৪৫১ বোতল এমকেডিল, ৪৬৮ বোতল ইস্কপ সিরাপ, ৮৪২ পিস ইয়াবা, ২৬.৩৯৭ কেজি গাঁজা, ৩১,৪৭৪ বোতল বিদেশী মদ, ৪২,৩৩০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৩৬,৯১৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৩.০৬৭ কেজি কোকেন, ৩,৭৩৬.৫০০ লিটার দেশী মদ, ৬৬,৭৩৮ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৮৩,৩৭০ পিস মদ তৈরির ট্যাবলেট, ১,০৯৭ বোতল বাংলাদেশী হোমিওপ্যাথিক সিরাপ এবং ৩ বোতল নেশাজাতীয় দ্রব্য হাই প্লাস।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান (এসজিপি)। এছাড়াও অনুষ্ঠানে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক (পিএসসি), জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ (পিএসসি, এলএসসি), দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম (পিএসসি), ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, মাদকদ্রব্য অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক নজিউর উল্লাহ এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুলসহ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।